স্থবিরতা কাটাতে ই-কমার্স সেবা বাড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ

১২ এপ্রিল, ২০২০ ১৪:৫৩  
স্থবিরতা কাটাতে ই-কমার্স সেবা প্রসারের গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসন প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে দেয়া বক্তব্যে এই পরামর্শ দেন তিনি। বক্তব্যে টেলিফোন ও মোবাইলে পণ্য অর্ডার করে তা বাসায় পৌঁছে দেয়ার জন্য দোকানিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় কৃষিতে যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বোরো ধান কাটা ও মাড়াইয়ের জন্য কৃষি মন্ত্রণালয়কে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আবাদিতে যান্ত্রিক প্রযুক্তির ব্যবহারে আরো ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে সবকিছু বন্ধ করা শুরু করেছি। এর ফলে ব্যবসা-বাণিজ্য, সবকিছুতেই মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে। সেগুলোর জন্য আমরা বিশেষ প্রণোদনা দিচ্ছি। প্রধানমন্ত্রী আরো বলেন, কাজ একেবারে বন্ধ থাকবে না। একটা দেশ একেবারে স্থাবির হতে পারে না। কাজেই তারা (খাদ্য উৎপাদন ও বিতরণের সঙ্গে সশ্লিষ্টরা) যেন যেতে পারেন (মাঠে ধান কাটতে) পুলিশ প্রশাসন তাতে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, খাবার, ঔষধ বা নেহায়েত প্রয়োজনীয় জিনস সেগুলি কিছু সুনির্দিষ্ট সময় মানুষকে সরবরাহ করা যায়। আর আজ তো ডিজিটাল বাংলাদেশ। টেলিফোন, মোবাইলফোন সকলের আছে। (এর মাধ্যামে) কিছুটা উদ্যোগ নিতে পারেন, মানুষের বাড়িতে বাড়িতে জিনিসগেুলো পৌঁছে দেয়ার। তাতে কিছু লোকের কর্মসংস্থানও হবে। সংস্পর্শ কমিয়ে রেখে আমাদের অনেক কাজই করা সম্ভব। বক্তব্যে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছে দিয়েছেন, নববর্ষের বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না। তিনি বলেন, ঘরে বসে রেডিও-টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়ায় বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করুন। কিন্তু কোনো মতেই কোনো লোক সমাগম করবেন না।